বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনলেও তা নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে পারেননি আমজনতা পার্টির প্রার্থী ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় মনোনয়নপত্র জমা দিতে যান তিনি।
জানা গেছে, নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পরে তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা তা জমা নেননি।
হিরো আলম বলেন, ‘আমার ফরম পূরণ করতে ৩০ মিনিট সময় বেশি লেগেছে। আমি সাড়ে পাঁচটায় আসার পর মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি।’
জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, ‘তাকে (হিরো আলম) আগেই বলেছিলাম, পাঁচটার মধ্যে জমা দিতে। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে আসতে পারেননি, বিধায় নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি।’
এর আগে, দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়ন ফরম তোলেন হিরো আলম। তিনি আমজনতা পার্টি থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র কেনেন।
মনোনয়নপত্র তোলার পর হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘আমি সবসময় হামলা-মামলার শিকার হয়ে আসছি। আমার নিরাপত্তার জন্য গানম্যান প্রয়োজন। অন্য অনেক প্রার্থীও নিরাপত্তার জন্য গানম্যান চাচ্ছেন। নির্বাচন সুষ্ঠু হবে কি না তা বলতে পারছি না। আমরা সবাই চাই সুষ্ঠু নির্বাচন, যা বিগত কয়েকটি নির্বাচনে হয়নি।’
তিনি বলেন, ‘আমাকে অনেকে বগুড়া-৬ সদর আসন থেকে নির্বাচন করতে বলেছিলেন। কিন্তু সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করায় আমি তার প্রতি সম্মান জানিয়ে এ আসনে নির্বাচন করছি না। আমি আগেও বগুড়া-৪ আসনে নির্বাচন করেছি, এবারও ওই আসন থেকে নির্বাচন করতে চাই।’


