বগুড়ার ধুনটে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে মাসুদ হোসেন নামের এক বিএনপি নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।
উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ড্রামের নৌকা তৈরি করে তার ওপর ড্রেজার মেশিন বসানো হয়েছে। পাইপের মাধ্যমে নদীর পূর্ব তীরে বালু ফেলা হচ্ছে। পরে উত্তোলিত বালু ট্রাকে করে বিভিন্ন স্থানে বিক্রির জন্য পাঠানো হচ্ছে।
স্থানীয়রা আশঙ্কা করছেন, এভাবে বালু উত্তোলন চলতে থাকলে নদীর তীর ক্ষতিগ্রস্ত হবে এবং ফসলি জমি বিলীন হওয়ার ঝুঁকি তৈরি হবে। পাশাপাশি বালু পরিবহনের কারণে গ্রামীণ সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয়রা অবিলম্বে বাঙ্গালী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান বলেন, বাঙ্গালী নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি আমরা অবগত আছি। বগুড়া পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন