বগুড়ার ধুনটে যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও আঙ্গুরি বেগম (৫৭) নামে এক নারী এখনো নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান স্পার এলাকার যমুনা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
আঙ্গুরি বেগম উপজেলার চুনিয়াপাড়া গ্রামের লাল মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর পূর্ব পাড়ের চরাঞ্চলে কৃষিকাজে গিয়ে ১০ শ্রমিক আবহাওয়া খারাপ দেখে নৌকাযোগে পশ্চিম পাড়ের বানিয়াজান এলাকায় ফিরছিলেন। এ সময় হঠাৎ ঝড় ও দমকা হাওয়ার সৃষ্টি হলে নৌকাটি প্রবল ঢেউয়ের মধ্যে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি ডুবে যায়।
পরে বরইতলী ও মেঘাই এলাকা থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আঙ্গুরি বেগম নামে এক নারী এখনো নিখোঁজ রয়েছেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী জানান, নিখোঁজ নারীকে উদ্ধারে যমুনা নদীতে উদ্ধার অভিযান চালমান রয়েছে।


