ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নন্দীগ্রামে গণপিটুনির পর কারাগারে গাছ ব্যবসায়ী

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:০৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার নন্দীগ্রামে হোসেন আলী (৩৫) নামে এক গাছ ব্যবসায়ীকে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হোসেন আলী পৌর সদরের কলেজপাড়া মহল্লার হাফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের পুরাতন বাজার পাইলট হাইস্কুল মোড়ে মাদক সেবনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল ও চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব বাবু রফিক (২৮) আহত হন।

ঘটনার পর রাত ১০টার দিকে উপজেলা পরিষদ গেট এলাকায় হোসেন আলীকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আটক করে রাজনৈতিক দলের নেতাকর্মীরা গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

তবে হোসেন আলীর পরিবারের দাবি, তাকে মারধর করার পর ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, হোসেন আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাবেক এক কাউন্সিলরের বাসার সামনে সন্দেহজনক অবস্থায় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।

নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন বলেন, হোসেন আলী দীর্ঘদিন ধরে কলেজপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করতেন। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযানের সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) মো. রাজু কামাল বলেন, স্থানীয় জনতার সহযোগিতায় হোসেন আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।