ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

গ্রামীণ জনপদের বৃহত্তর জনগোষ্ঠীর আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে বগুড়ার নন্দীগ্রাম সদরে ২০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল ২০০৫ সালে নির্মাণ করে বিএনপি সরকার। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র বর্তমান সরকার প্রধান তারেক রহমান ২০০২ সালে হাসপাতালের ভিত্তি প্রস্থর স্থাপন ও নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘ বঞ্চনায় থমকে ছিল চিকিৎসা কার্যক্রম। বিএনপি সরকার ক্ষমতায় এসে আবারও আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে ২০০১-২০০২ অর্থবছরে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। হাতের নাগালে চিকিৎসা সেবার এই উদ্যোগ নতুন দিগন্ত উন্মোচিত করে। নন্দীগ্রাম শহর থেকে পৌরসভা কার্যালয় সড়কের পাশে হাসপাতালের নতুন ভবন নির্মাণের পর ২০০৬ সালে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নির্মাণ ও রক্ষাবেক্ষন ইউনিট, সিএমএমইউ, অবকাঠামো নির্মাণসহ আনুসাঙ্গিক খাতে ব্যায় ৩ কোটি ৫৪ লাখ টাকা। হাসপাতালের থমকে যাওয়া কার্যক্রম সচল করেছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। তার প্রচেষ্টায় স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল হচ্ছে। রোগী ও তাদের স্বজনদের নামাজের জন্য সাড়ে ৩ লাখ টাকা ব্যায়ে নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিকল্পিত পদক্ষেপ নিয়েছে সরকার।

সংসদ সদস্যের বরাদ্দে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (বিজরুল) নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, নন্দীগ্রাম ২০ শয্যা হাসপাতালের নবনির্মিত জামে মসজিদ ও পৌরসভার অর্থায়নে প্যাথলজিক্যাল ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। গত রোববার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি। একইদিন তিনি অসহায় নারী ও শিশুদের মাঝে সহায়তা বিতরণ করেন।

বৃহত্তর জনগোষ্ঠীর আধুনিক স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিএনপি সরকার বদ্ধপরিকর। হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সরকারের অন্যতম অগ্রাধিকার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মিত হলে সাধারণ মানুষ আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা গ্রহণের আরও ভালো সুযোগ পাবে।

পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাহমিদা হরফিল, ইনচার্জ আহসান হাবিব, ডা. জ্যোতির্ময় কবিরাজ, ডা. দিগন্তময় সরকার, ব্যবসায়ী নেতা আলহাজ্ব আব্দুল করিম, আলহাজ্ব শাবান আলী, আলহাজ্ব ইউনুস আলী, ফজলুল হক কাশেম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন উপস্থিত ছিলেন।