ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রে উপস্থিত ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে।
আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. অহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে একটি ভোটকক্ষে রুমিন ফারহানা ও জুনায়েদ আল হাবীবের দুই এজেন্টের মধ্যে বাগবিতণ্ডার সূত্রপাত। একপর্যায়ে তা ভোটকক্ষের বাইরে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
মো. অহিদ হোসেন আরও জানান, পরিস্থিতির কারণে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

-20260212131234.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন