ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৪:৩৭ পিএম
ছবি- সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৪ এপ্রিল) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনা ও পরিকল্পনায় এ অভিযান পরিচালিত হয়।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় একাধিক টহল দল একযোগে এসব অভিযান চালায়। অভিযানে কসবা উপজেলার খাদলা বিওপি, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি এবং আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির টহলদল অংশ নেয়। পৃথক অভিযানে একটি পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। 

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে জিরা, মেহেদী, বিভিন্ন ধরনের কসমেটিক্স, শাড়ি, বাসমতি চাল, সাবান, ফুচকা, বাজি এবং বিভিন্ন প্রকার ওষুধ। এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৯০ লাখ ৬৬ হাজার ৭০ টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই নির্দেশনা বাস্তবায়নে তাদের ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধারা অব্যাহত থাকবে।