ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

অবৈধভাবে পাহাড় কাটায় ১ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১০:২২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা, কারাদণ্ড এবং ৫টি ট্রাক জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।

অভিযানে ‘পিপলস পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লি.’-এর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার পরিদর্শক মো. রাখিবুল হাসানের প্রসিকিউশনের ভিত্তিতে সরেজমিনে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত কর্মচারী মো. ফারুক হোসেনকে ১ লাখ টাকা অর্থদণ্ড (আদায় করা হয়েছে) এবং ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া শ্রমিক মো. উসমান গণিকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে মাটি কাটার কাজে ব্যবহৃত ৫টি ট্রাক জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, অবৈধভাবে পাহাড় কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।