ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোরছালিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনী ও প্রশাসন। তবে একই ঘটনায় নবীর হোসেন নামে আরও এক যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছে তার পরিবার।
শুক্রবার (৮ মে) রাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
মোরছালিন ধজনগরের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি গোপীনাথপুর শাহআলম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
নবীর হোসেনের বাড়ি মধুপুর গ্রামে। পরিবারের দাবি, দুজনের মরদেহ বর্তমানে ভারতের আগরতলার জিবি হাসপাতালে রয়েছে।
নবীর হোসেনের ছেলে তপন বলেন, বাবা সন্ধ্যার পর থেকে বাড়িতে ছিলেন না। পরে জানতে পারি সীমান্ত এলাকায় গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।
স্বজন ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে কয়েকজন চোরাকারবারি মোরছালিনকে বাড়ি থেকে ডেকে সীমান্ত এলাকায় নিয়ে যায়। একই সময়ে নবীর হোসেনসহ আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন।
এ সময় বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই মোরছালিন নিহত হন। আহত অবস্থায় নবীর হোসেনকে ভারতের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা জানান।
স্থানীয় সূত্র জানায়, একই ঘটনায় আরও কয়েকজন বাংলাদেশি তরুণ আহত হয়েছেন। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের কুমিল্লায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো. সবুর জানান, সীমান্তে গুলির ঘটনায় দুজন নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়েছে।
চন্ডিদ্বার বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. মুইনুদ্দিন জানান, একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন