ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধ ও ইভটিজিংকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক যুবক গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌর শহরের মুন্সেফপাড়ায় এ ঘটনাটি ঘটে।গুলিবিদ্ধ মো. সাগর মিয়া শহরের ফুলবাড়িয়া এলাকার আবু সাঈদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে শহরের মুন্সেফপাড়া এলাকার খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের সামনে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন সাগর। ঠিক সেই সময় ইমন ইসলাম নামে এক যুবক দলবল নিয়ে মোটরসাইকেলে সেখানে উপস্থিত হন এবং হঠাৎ সাগরের ওপর হামলা চালান।
গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন গুলিবিদ্ধ সাগরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ‘সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুন্সেফপাড়ায় গুলির ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।’
এর আগে, গত ১২ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি প্রকাশ্যে গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হন শাহবাজপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে রাব্বি মিয়া (৩০)।
তার আগে, গত ২৮ নভেম্বর শহরে রাস্তার ওপর প্রকাশ্যে গুলিতে ৩ জন আহত হয়। ওই দিনই কয়েক ঘণ্টা পর একই এলাকায় ৩২ বছর বয়সি সাদ্দাম হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যার অভিযোগ ওঠে।
তারও আগে, ১ নভেম্বর দীর্ঘদিনের বিরোধের জেরে নবীনগর উপজেলার বরিকান্দি গ্রামের একটি রেস্টুরেন্টের ভেতরে ২ জনকে গুলি করে হত্যা করা হয়।




সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন