ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশের অর্থনীতি আইসিইউ থেকে কেবিনে : অর্থ উপদেষ্টা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০২:৪৮ পিএম
বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : রূপালী বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর নয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি এবং ভোটের গাড়ির প্রচারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অতিরিক্ত দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা এক সময় খাদের কিনারায় চলে গিয়েছিল। সেখান থেকে উত্তরণের চেষ্টা করছে বর্তমান সরকার। মাত্র দেড় বছরের মধ্যে অর্থনীতিকে খাদের কিনারা থেকে তুলে আনা হয়েছে।

তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, দ্রুত বিচার বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য যেকোনো সরকারকেই সংস্কার করতে হয়। আমরা ইতোমধ্যে কিছু সংস্কার করেছি। এসব সংস্কার বাস্তবায়নের জন্যই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

ভোট নিয়ে কোনো শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভোট কেন হবে না? এখন আর রাজনৈতিক চাপ নেই। টাকা দিয়ে কোনো বিশেষ দল ভোটে প্রভাব বিস্তার করতে পারবে না। আপনারা সবাই সহযোগিতা করলে একটি সুষ্ঠু ভোট হবে। আমরা চাই ভালো, ত্যাগী ও জনদরদি মানুষ নির্বাচিত হয়ে আসুক।

বক্তব্য শেষে অর্থ উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা মাঠে থাকা গণভোটের স্টলগুলো পরিদর্শন করেন এবং উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলেন।

এর আগে সকালে চাঁদপুরের বিভিন্ন সরকারি দপ্তর ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান।