চাঁদপুর-৪ আসনের ধানের শীষ প্রার্থী মা-বাবার কবর জিয়ারত ও ভোট প্রার্থনা করেন চিরপ্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি প্রতীক) আলহাজ এম এ হান্নান। এ নিয়ে সাধারণ মানুষ ও সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক ঝড় উঠে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নে লায়ন মো. হারুনুর রশিদের নিজ বাড়িতে তার মা-বাবার কবরস্থানে গিয়ে চিংড়ি মার্কার সমর্থিত নেতাকর্মীদের নিয়ে কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির প্রতি গুরুত্বারোপ করেন।
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সফিউল বাশার মুকুল, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, আমানত গাজী, এম এ হান্নানের পুত্র আব্দুল ইবনে হান্নান, সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন সিপন, সদস্যসচিব জাহাঙ্গীর আলম নান্টু, সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী, স্থানীয় বিএনপি নেতা মাসুদ খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
কবর জিয়ারত শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের ছেলে সাদমান সাকিব অপূর্ব স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানকে চায়ের আমন্ত্রণ জানান। এ সময় এম এ হান্নান তার কাছে চিংড়ি প্রতীকের পক্ষে ভোটও প্রার্থনা করেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ নির্বাচনি পরিবেশে ইতিবাচক বার্তা দিয়েছে। অনেকেই এটিকে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির উদাহরণ হিসেবে দেখছেন।

