চাঁদপুর শহরের বাবুরহাট বিসিক শিল্প নগরী এলাকায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের কারণে ৫ ব্যবসায় প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি জানান, ‘অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের নানা ধারার লঙ্ঘন ধরা পড়ে। স্বাস্থ্যবিধি না মেনে সেমাই তৈরির অপরাধে নিউ চাঁদ ব্রেড এন্ড বিস্কুট কারখানার মালিককে ৮ হাজার টাকা, উৎপাদিত সেমাইয়ে খুচরা মূল্য উল্লেখ না করার কারণে মেঘনা সেমাই কারখানার মালিককে ৫ হাজার টাকা, পণ্যের মোড়কে পূর্ব প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করার অপরাধে জি এস কনজুমার মালিককে ১০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকার সঙ্গে খেজুরে তেল মিশিয়ে বিক্রয়ের কারণে মীম এন্টারপ্রাইজ মালিককে ৫ হাজার টাকা এবং বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের প্যাকেটে খেজুর প্যাকেটজাত করার অপরাধে সুব্রত বাণিজ্যালয় মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’
মোট জরিমানা করা হয়েছে ৩৩ হাজার টাকা। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো পুনরায় এই ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেছে। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের খেজুরের প্যাকেট ধ্বংস করা হয়।
নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়েছে এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার লঙ্ঘন এড়াতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়েছে।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কর্মকর্তা জানান।



