ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁদপুরে কালবৈশাখীর তাণ্ডবে দুই লঞ্চের সংঘর্ষ, আহত ১০

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৬:৪৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চঘাটে নোঙর করা একাধিক লঞ্চ, পন্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া ঝড়ের কবলে পড়ে ঘাটে ও লঞ্চে আটকা পড়েছেন ঢাকা-চাঁদপুর নৌপথের হাজারো যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (২৫ মে) দুপুরের দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবল বাতাস ও উত্তাল নদীর মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চগুলো ঘাটে ভিড়তে গিয়ে বিপাকে পড়ে। এ সময় যাত্রীবাহী ‘ঈগল-৭’ লঞ্চে থাকা যাত্রীরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই আরেক যাত্রীবাহী লঞ্চ ‘ময়ূর২’ নিয়ন্ত্রণ হারিয়ে ঈগল-৭ লঞ্চটিকে ধাক্কা দেয়।

এ সময় ঈগল-৭ লঞ্চটি হেলে পড়লে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। প্রাণ বাঁচাতে অনেকে ব্যাগ ও মালামাল ফেলে দ্রুত নামার চেষ্টা করেন। এতে হুড়োহুড়িতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই ঘাট এলাকায় দায়িত্বে থাকা নৌ-পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও স্কাউট সদস্যরা উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আতঙ্কিত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

লঞ্চঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বৈরী আবহাওয়ার কারণে কিছু সময়ের জন্য নৌযান চলাচলে বিঘ্ন ঘটে। পরে আবহাওয়া স্বাভাবিক হলে যাত্রীদের ফেলে যাওয়া ব্যাগ ও মালামাল বুঝিয়ে দেয়া হয়।