ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

পরকীয়ার প্রতিবাদে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৯:৪৭ পিএম
ছবি : সংগৃহীত

চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মরিয়ম আক্তার (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।

শনিবার (২৭ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম।

ওসি জানান, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআই সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল রংপুর থেকে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। তাকে কচুয়া থানায় আনা হচ্ছে। রোববার (২৮ জুন) তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। এ ঘটনায় আটক শাহীন আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়, শুক্রবার নিহতের পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম আক্তারের সঙ্গে প্রায় ১৮ বছর আগে আলমগীর হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, গত দুই বছর ধরে আলমগীর তার চাচাতো ভাই, প্রবাসী হুমায়ুনের স্ত্রী শাহীন আক্তারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে আলমগীর স্ত্রীকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় মরিয়ম জ্ঞান হারালে তাকে প্রথমে সাচারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

ঘটনার পর আলমগীর হোসেন আত্মগোপনে চলে যান। এদিকে ক্ষুব্ধ স্থানীয়রা শাহীন আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সংশ্লিষ্টতাও খতিয়ে দেখা হচ্ছে।