ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

বিএনপির কিছু গুপ্ত উপদেষ্টা ছিল, যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে : গোলাম পারওয়ার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৯:০৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার দাবি করেছেন, বিএনপির অভ্যন্তরে কিছু ‘গুপ্ত উপদেষ্টা’ ছিলেন, যারা নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে বিরোধী দলের অনেক নেতাকে ইচ্ছাকৃতভাবে পরাজিত করেছেন।

শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ১১ দলীয় ঐক্য ময়মনসিংহ বিভাগ আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পারওয়ার বলেন, বিএনপির অভ্যন্তরে লুকানো কিছু গুপ্ত উপদেষ্টা ছিল। তারা নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিরোধী দলের অনেক নেতাকে ইচ্ছাকৃতভাবে হারিয়ে দিয়েছে। তা না হলে আমরা ১১ দল প্রায় ১৮০টি আসন পেতাম। ফলাফল ঘোষণার কিছুক্ষণ আগে সব গণমাধ্যমে ফল প্রকাশ বন্ধ করে দেওয়া হয়। পরে রহস্যজনকভাবে ফলাফল পরিবর্তন করে আমাদের বিরোধী দলে ঠেলে দেওয়া হয়। এ বিষয়ে সরকারের একজন উপদেষ্টাও পরবর্তীতে স্বীকারোক্তি দিয়েছেন।

তিনি বলেন, এই মহাসমাবেশের প্রধান দাবি হলো গণভোটের গণরায় বাস্তবায়ন করা। একই সঙ্গে জনগণের নিত্যদিনের দুর্ভোগ দূর করতে হবে। বর্তমান সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে দেশ পরিচালনা করতে চাইলেও গণভোটের রায় বাস্তবায়নে তারা অঙ্গীকার রক্ষা করেনি।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন চলবে। মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। জুলাই সনদের প্রতিশ্রুতির কারণেই জনগণ বিএনপি, জামায়াত ও ১১ দলকে ভোট দিয়েছে। কিন্তু ক্ষমতায় গিয়ে সেই অঙ্গীকার থেকে সরে আসা হয়েছে।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, শেখ হাসিনা উন্নয়নের নামে ভোটাধিকারকে উপেক্ষা করেছিলেন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন জনগণের ভোটাধিকারকে ক্ষুণ্ন করেছে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ ১৫ বছরে আন্দোলনে নেতৃত্বের ব্যর্থতার কারণেই অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। ২০১৩ সালের শাপলা চত্বরে এবং আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর বহু মানুষ রক্ত দিয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, নির্বাচনের আগে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হলেও নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি। জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

তিনি আরও বলেন, ১১ দল সরকারকে সহযোগিতার কথা বলেছিল। কিন্তু সরকার শুধু গণভোটের রায়ের সঙ্গেই নয়, দেশ পরিচালনার ক্ষেত্রেও বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।