লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে আব্দুল জলিল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের ধওলাই পাগলার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল ওই এলাকার আলগেস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে প্রায় ১০ বছর ধরে আলগেস আলী ও তার ভাই আব্দুর রাজ্জাকের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে একটি মামলাও বিচারাধীন রয়েছে।
শনিবার দুপুরে বিরোধপূর্ণ জমির দুই পাশে দুই পক্ষ কৃষিকাজ করছিলেন। এক পাশে ছিলেন আব্দুল জলিল, অপর পাশে ছিলেন তার চাচা আব্দুর রাজ্জাক ও চাচাতো ভাই সাদ্দাম। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুর রাজ্জাক লাঠি দিয়ে আব্দুল জলিলকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনারুল হক বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুল জলিলের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি রমজান আলীর সঙ্গে একাধিকবার সরকারি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা গ্রহণ এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য হাতীবান্ধা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

