ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠে তৎপরতা বাড়িয়েছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সর্দারের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।
এ সময় ভোটারদের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয় এবং আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হয়।
এ সময় তার সঙ্গে ছিলেন নাচোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছলাম আলীসহ অন্য কর্মকর্তারা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সর্দার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে যৌথ বাহিনীর টহল কার্যক্রম শুরু হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।
-20260116100000.webp)

