ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১৭ দিন পর নিখোঁজ ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ১১:২১ পিএম
গোলকাজুলের মরদেহ উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের আলাতুলী হাটপাড়া এলাকায় পদ্মা নদী থেকে ১৭ দিন ধরে নিখোঁজ গোলকাজুল ওরফে কাজল (৩৫) নামের এক গরু ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের গোদাগাড়ী হাটপাড়া ঘাটে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের পর তা শনাক্ত করে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেন ওরফে ফিরোজ মেম্বারের ছেলে ও নিখোঁজ গোলকাজুলের পরিবার। মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, গত ০৩ জানুয়ারি রাতে নিখোঁজ হয় গোলকাজুল।

এ ঘটনায় ০৮ জানুয়ারি নিখোঁজ গোলকাজুলের স্ত্রী লিসা বেগম বাদী হয়ে কার্যক্রম নিষিদ্ধ দুই আওয়ামী লীগ নেতাসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮ জনসহ মোট ১৬ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন।

এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, নির্যাতন করে হত্যার পর নদীতে মরদেহ ফেলে দেয় আসামীরা।

তবে স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে ভারত থেকে গরু চোরাচালানের সাথে যুক্ত ছিলেন গোলকাজুল। রাতের অন্ধকারে সে সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ নদী থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেছে। নিখোঁজ গোলকাজুলের পরিবার মরদেহটি শনাক্ত করেছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।