ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১২:৫৯ পিএম
তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরা জংশনে খুলনা থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে আমনুরা জংশনে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, আমনুরা জংশন এলাকায় অবস্থিত ৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য তেল বহন করছিল ট্রেনটি। বিদ্যুৎকেন্দ্রে প্রবেশের কয়েকশ গজ আগে তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে রহনপুর-রাজশাহী রুটে চলাচলকারী অন্তত তিনটি ট্রেন আটকা পড়ে।

লাইনচ্যুত ট্রেন উদ্ধারে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী দল এসে কাজ শুরু করেছে।

আমনুরা জংশন রেলওয়ের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পরপরই উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। ইতোমধ্যে ওয়াগন উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ চলছে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, এর আগেও একই স্থানে একাধিকবার ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে।