চট্টগ্রামের আনোয়ারায় বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনটি পরিবারের টিনশেড ঘর পুড়ে গেছে। এতে ১০-১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বৈরিয়া এলাকায় মুন্সিয়াবর বাড়িতে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে আহম্মদ নবী, কামাল ও জামাল নামের তিন পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. মজিবুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে তিনটি পরিবারের টিনশেড ঘর পুড়ে যায়। তবে প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন