ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রাম বন্দরে চলছে দ্বিতীয় দিনের কর্মবিরতি

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৩:১৭ পিএম
চট্টগ্রাম বন্দর। ছবি : সংগৃহীত

নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন করছেন শ্রমিক-কর্মচারীরা। 

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে কাজে যোগ না দেওয়ায় আজও স্থবির বন্দরের কার্যক্রম।

গতকাল শনিবার (৩১ জানুয়ারি) শুধু অপারেশনাল কাজ বন্ধ থাকলেও আজ প্রশাসনিক কাজও বন্ধ রেখেছেন তারা। এতে বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ রয়েছে। যাতে ব্যাহত হয় আমদানি-রপ্তানি। 

এদিকে, বন্দরে ধর্মঘট ডাকার ঘটনায় সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের সদস্য প্রকৌশল কমোডর মো. মাযহারুল ইসলাম জুয়েলকে প্রধান করে গঠিত হয়েছে এ তদন্ত কমিটি। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে বন্দরের চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় নেতৃত্বদানকারী চার কর্মচারীকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনালে বদলি করা হয়েছে।

আন্দোলনে থাকায় বদলি করা চার কর্মচারী হলেন- অডিট সহকারী মো. হুমায়ুন কবির (অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন বিভাগ), ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকন (১ম শ্রেণি-নৌ বিভাগ), উচ্চ হিসাব সহকারী মো. আনোয়ারুল আজিম (অর্থ ও হিসাব বিভাগ), এস এস খালাসী ​মো. ফরিদুর রহমান (প্রকৌশল বিভাগ)।

প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ করেছে বিএনপিপন্থি শ্রমিক-কর্মচারীরা। এর জেরে কয়েকজনকে বদলি করা হয়েছে।