ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রগুলোতে নির্বাচনি উপকরণ বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচনি উপকরণের মধ্যে রয়েছে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, ভোটকক্ষের প্রয়োজনীয় সামগ্রী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে চট্টগ্রাাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়।
তথ্যসূত্র বলছে, প্রথমে দূরের কেন্দ্রগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু করে কমিশন। পরে নগরসক কাছাকাছি ভোটকেন্দ্রের উপকরণগুলো বিতরণ করা হবে।
এর আগেই জেলার দূরবর্তী ও গ্রামীণ আসনগুলোর জন্য নির্বাচনি সরঞ্জাম সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয় থেকে পাঠানো হয়েছে। ধাপে ধাপে পুরো জেলার ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ চলছে।
নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার ড. জিয়াউদ্দীন বলেন, ভোট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো ঝুঁকি তারা দেখছেন না। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলোর ওপর বিশেষ নজরদারি রাখা হয়েছে। নিরাপত্তা, পরিবহন ও তদারকিতে থাকবে বাড়তি সতর্কতা।

