ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রামে বিভিন্ন দেশের জাল মুদ্রা কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:৩১ পিএম
চট্টগ্রামে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ এক পেশাদার মুদ্রা কারবারিকে গ্রেপ্তার করে র‌্যাব । ছবি- সংগৃহীত

চট্টগ্রাম মহানগরে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ এক পেশাদার জাল নোট কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭-এর সদস্যরা। নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আহমদিয়া হাউজিং সোসাইটি এলাকা থেকে মো. সোহেল চৌধুরী (৪০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সোহেল চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির মৃত দেলোয়ার হোসেন চৌধুরীর ছেলে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন পাঠানপাড়া আহমদিয়া হাউজিং সোসাইটির জাহানারা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে কয়েকজন জাল নোট কারবারি বিভিন্ন দেশের জাল মুদ্রা মজুদ করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ভবনের তৃতীয় তলা থেকে মো. সোহেল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৭৪ হাজার ৫০০ নকল ভারতীয় রুপি, ১০০ নকল সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ১ হাজার ৭০০ নকল মার্কিন ডলার উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত জাল মুদ্রা সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।