রেল সেবার মান বৃদ্ধি এবং অব্যবস্থাপনা দূর করে সাধারণ মানুষের কাছে রেলকে আরও গ্রহণযোগ্য ও জনপ্রিয় করে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঈদযাত্রা নির্বিঘ্ন হচ্ছে কি না, তা সরেজমিনে তদারকি করতে চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে দু-একটি রুটে সামান্য শিডিউল বিপর্যয় ছাড়া সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ট্রেনে ওয়াই-ফাই সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে পরীক্ষামূলকভাবে তিনটি ট্রেনে এই সেবা চালু রয়েছে এবং ভবিষ্যতে পর্যায়ক্রমে সব ট্রেনেই এটি চালু করা হবে।
ট্রেন দুর্ঘটনা ও নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, রেলকে নিরাপদ বাহন হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
রেলপথ প্রতিমন্ত্রী বলেন, সরকার চায় ট্রেন যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য পরিবহন হিসেবে গড়ে ওঠে। এ লক্ষ্যে মানুষের দোরগোড়ায় রেলসেবা পৌঁছে দিতে এবং সেবার পরিধি বাড়াতে নিরলসভাবে কাজ চলছে।
চট্টগ্রাম রেল স্টেশন নিয়েও সরকারের বিশেষ উন্নয়ন পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
রেলের লোকসান কমিয়ে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অব্যবস্থাপনা ও অপচয়ের ক্ষেত্রগুলো চিহ্নিত করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
টিকিট বিক্রির সফটওয়্যারে ত্রুটি ও কালোবাজারি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে এবং এ নিয়ে ইতোমধ্যে বৈঠক করা হয়েছে। টিকিট ব্যবস্থাপনা আরও উন্নত করতে সফটওয়্যার আপগ্রেড ও সিস্টেম ডেভেলপমেন্টের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের দুর্নীতি বা কালোবাজারির সুযোগ না থাকে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং যাত্রীসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


