জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট রোধ এবং মূল্য স্থিতিশীল রাখতে যৌথ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (৮ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বিভিন্ন লাইটার জাহাজে ভোজ্য তেল, জ্বালানি তেল ও অন্যান্য খাদ্যদ্রব্য অবৈধভাবে মজুত করে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, নৌবাহিনী, নৌ পরিবহণ অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে দুপুর ১২টা থেকে চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিভিন্ন বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান চলানো হয়েছে।
এছাড়াও সার্বক্ষণিক নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করেছে। পাশাপাশি, বন্দরের নির্দেশনা অনুযায়ী ৭২ ঘণ্টার বেশি কোনো লাইটার বা কোস্টার জাহাজ, যেগুলো খাদ্যদ্রব্য, জ্বালানি ও ভোজ্য তেল বহন করে, সেগুলোকে নোঙর এলাকায় অবস্থান করতে না দেওয়া, জ্বালানি ও ভোজ্য তেলবাহী জাহাজগুলোকে দ্রুত নিজ নিজ গন্তব্যে পাঠানো নিশ্চিত করা এবং আইন অমান্যকারী জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।
তিনি আরও বলেন, জনস্বার্থে জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


