ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কয়েক ঘণ্টার বৃষ্টিতে বুক সমান পানি চট্টগ্রামে

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৬:৩১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে প্রবর্তক মোড়, মুরাদপুরসহ বিভিন্ন এলাকার বুক সমান পানির নিচে তলিয়ে গিয়ে যান চলাচল-ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর শুরু হওয়া কয়েক ঘণ্টার ভারি বৃষ্টিপাতে নগরীর অধিকাংশ এলাকায় পানি জমে যায়। সরেজমিন দেখা যায়, প্রবর্তক মোড়ের অদূরে বদনা শাহ মাজারসংলগ্ন সড়কে কোমর সমান, কোথাও কোথাও বুক সমান পানি জমে। এতে বিভিন্ন যানবাহন পানিতে আটকা পড়ে এবং বেশ কয়েকটি গাড়ি বিকল হয়ে সড়কের ওপরই পড়ে থাকতে দেখা যায়।



চরম দুর্ভোগে পড়েন পথচারীরা। অনেকে পানির মধ্যে দিয়ে হেঁটে চলাচল করেন, আবার কেউ কেউ বাধ্য হয়ে সড়কের ডিভাইডারের ওপর দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। এ এলাকার পাশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ একাধিক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থাকায় রোগী ও স্বজনদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

একই সময়ে নগরের হালিশহর, ইপিজেড, আগ্রাবাদ, রহমতগঞ্জ, কাতালগঞ্জ, মুরাদপুর, শুলকবহর, বহদ্দারহাট, বাদুরতলা, জঙ্গীশাহ মাজার, চকবাজার ও বায়েজিদ বোস্তামীসহ বিভিন্ন এলাকাতেও জলাবদ্ধতা দেখা দেয়। অনেক অলিগলির সড়ক পানির নিচে তলিয়ে যায়।

এদিকে, আসন্ন বর্ষা সামনে রেখে চট্টগ্রাম সিটি করশোরেশন গত সপ্তাহ থেকে মাসব্যাপী নালা-খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেছে। নগরের বিভিন্ন খাল ও নালা পরিষ্কারে তদারকি করছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।



পরিদর্শনকালে মেয়র বলেন, হিজড়া খাল, জামালখান খাল ও মুরাদপুর এলাকার কিছু অংশে উন্নয়নকাজ চলমান থাকায় কোথাও কোথাও পানি চলাচলে বিঘ্ন ঘটছে। তিনি আরও বলেন, নগরের নালা-নর্দমা ময়লার স্তূপে পরিণত হওয়াই জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ। অসচেতনভাবে বর্জ্য ফেলার প্রবণতা বন্ধ না হলে এ সমস্যা দীর্ঘমেয়াদে সমাধান করা কঠিন।

নগরের জলাবদ্ধতা নিরসনে ৩৬টি খাল সংস্কারের কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। তবে হিজড়া খাল ও জামালখান খালের কাজ এখনো চলমান রয়েছে।

নগরীর আমবাগান আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ বিজন রায় বলেন, সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।