চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় আবিরা জাহান নুসরাত (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকীআস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুসরাত উত্তর সোনাপাহাড় এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে। সে উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
এলাকার বাসিন্দা মোহাম্মদ সালমান বাপ্পী বলেন, মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল নুসরাত। এ সময় রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী জোনাকি পরিবহনের একটি দ্রুতগামী বাস ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শারীরিক অবস্থার অবনতি হলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. শরিফুজ্জামান জানান, আজ দুপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক দ্বিতীয় শ্রেণির স্কুল ছাত্রী মারা গেছে। আমরা বাসটি থানায় নিয়ে এসেছি, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন