ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশ: সাবেক মেয়র-এমপিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১২:৩৩ এএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে শোডাউন ও মতবিনিময় সভা আয়োজনের অভিযোগে সাবেক চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মঞ্জুরুল আলম মুঞ্জু এবং সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফ সংলগ্ন এলাকায় একটি বিশ্রামাগারে এ সভার আয়োজন করা হয়। বিশ্রামাগারটি সাবেক মেয়র মঞ্জুরুল আলম মুঞ্জুর নির্মিত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী সেখানে সমবেত হয়ে প্রথমে শোডাউন করেন এবং পরে মতবিনিময় সভায় অংশ নেন। অনুষ্ঠানসংক্রান্ত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং প্রশাসনের দৃষ্টিগোচর হয়।

এ ঘটনার পর ফটিকছড়ি থানা পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩) অনুযায়ী মামলা দায়ের করে। মামলায় সাবেক মেয়র মঞ্জুরুল আলম মুঞ্জু, সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনি, বখতিয়ার সাঈদ ইরান ও সাবরিনা চৌধুরীসহ মোট ২৯ জনকে নামীয় আসামি করা হয়েছে। এছাড়া আরও ৮০ থেকে ৯০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নামীয় আসামিদের মধ্যে মো. জামান বাবু ও সাইফুল ইসলাম সজিবও রয়েছেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ঘটনার তথ্য পাওয়ার পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করে এবং পরে তাদের আদালতে পাঠানো হয়।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও বিশ্লেষণ করে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত করার কাজ চলছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।