× UCB Sticker Card
বুধবার, ১০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০১:১৭ পিএম

মিরসরাই উপজেলা কৃষকদলের সম্মেলন ঘিরে উৎসবের আমেজ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০১:১৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

 

চট্টগ্রামের মিরসরাই উপজেলা কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলন সামনে রেখে উপজেলার ১৬টি ইউনিয়নজুড়ে চলছে ব্যাপক প্রচার। সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন। উপজেলাজুড়ে ব্যানার, ফেস্টুন ও মাইকিংয়ে সরগরম হয়ে উঠেছে। এই উপজেলায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে উপজেলা কৃষকদলের সম্মেলন। কৃষকদলের কেন্দ্রীয় নেতারা বলছেন, এই সম্মেলন একটি মাইলফলক হিসেবে থাকবে।

জানা গেছে, আগামী ১৩ জুন উৎসবমুখর পরিবেশে মিরসরাই কলেজ মাঠে উপজেলা কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। একই দিন সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে দুপুরে মেজবানের আয়োজন করা হয়েছে। কৃষকদলের উদ্যোগে আয়োজন করা হচ্ছে অন্তত ১০ হাজার মানুষের জন্য মেজবানি। এই উপজেলায় কৃষক দলের মোট ভোটার রয়েছেন ৯৫০ জন। দুপুর ২টা থেকে শুরু হবে সম্মেলনের মূল কার্যক্রম। ৮টি বুথে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হবে। একটি বুথে দুটি করে ইউনিয়নের ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও জেলা কৃষকদলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত হওয়া গেছে। ইতোমধ্যে সম্মেলন সফল করতে মঞ্চ ও প্যান্ডেল প্রস্তুত, ব্যালট পেপার, ব্যালট বাক্স, কাউন্সিলরদের জন্য পরিচয়পত্র প্রস্তুতসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।

সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা কৃষকদলের বর্তমান আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. আশরাফ উদ্দিন (ছাতা), যুগ্ম আহ্বায়ক তৌহিদুদ্দোজা (কাঠাল) এবং যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী করিম বাবলু (ফুটলব)। সাধারণ সম্পাদক পদে লড়ছেন বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু দাউদ (আনারস) ও সাইফুল ইসলাম ফারুক (চেয়ার) প্রতীকে লড়বেন।

চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক মো. বদিউল আলম বদরুলের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল এমপি।

বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

সভাপতি পদপ্রার্থী ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন নিজের বিজয় সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছি। তৃণমূলের নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থেকেছি। সম্মেলনকে ঘিরে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আমি শতভাগ আশাবাদী, ভোটাররা আমার সাংগঠনিক কর্মকাণ্ড ও দলের প্রতি নিষ্ঠার মূল্যায়ন করবেন। নির্বাচিত হলে উপজেলা কৃষকদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করব।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবু দাউদ বলেন, দীর্ঘদিন ধরে আমি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেছি। ভোটারদের কাছ থেকে যে সাড়া পাচ্ছি, তাতে আমি অত্যন্ত আশাবাদী।

সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ছাত্রনেতা ও উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম। তিনি বলেন, মিরসরাই উপজেলা কৃষকদলের সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তা সত্যিই অভূতপূর্ব। আমরা সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করছি, এটি কৃষকদলের জন্য একটি স্মরণীয় সম্মেলন হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!