ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বাঁশখালীতে বন্যার্তদের পাশে কোস্ট গার্ড, ৬৭৬ জন পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ক্যাম্পের মাধ্যমে ৬৭৬ জন বন্যার্তকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় চট্টগ্রামের বাঁশখালী থানার শেখেরখীল-১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

ক্যাম্পে চিকিৎসকরা ৬৭৬ জন বন্যার্তের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং তাদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।