ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

পাট কাটার সময় বজ্রপাত, প্রাণ গেল বাবা-ছেলের

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৮:৪৫ পিএম
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুরে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা শ্রী আনোয়ার গণেশ ও ছেলে নিমাই গণেশ নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর গণেশপাড়া গ্রামে এ ঘটনা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকে বাড়ির পাশের পাটখেতে পাট কাটতে যান আনোয়ার গণেশ ও তার ছেলে নিমাই গণেশ। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই আকস্মিক বজ্রপাত হলে বাবা-ছেলে দুজনই ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। একসঙ্গে বাবা ও ছেলের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে আনোয়ার গণেশ ও তার ছেলে নিমাই গণেশ ঘটনাস্থলেই প্রাণ হারায়।