ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বন্যাকবলিত খুরমা সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৪:২৯ পিএম
ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার খুরমা সীমান্তসংলগ্ন বন্যাকবলিত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনার পাশাপাশি রান্না করা খাবার বিতরণ করেছে বাহিনীটি।

বুধবার (১৫ জুলাই) দিনব্যাপী কমলগঞ্জ উপজেলার মখাবিল সীমান্তবর্তী মনিপুরি পাড়া ও আশপাশের গ্রামের বন্যাদুর্গত মানুষের জন্য এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

মেডিকেল ক্যাম্পে প্রায় ৪৫০ জন বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চারজন বিশেষজ্ঞ চিকিৎসক পানিবাহিত রোগসহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেন। পাশাপাশি প্রায় ১০০ জনের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির মানবিক দায়িত্বের অংশ। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

স্থানীয়রা জানান, বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছিল। এ অবস্থায় বিজিবির উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ তাদের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে এসেছে।

বন্যাকবলিত এলাকায় বিজিবির এ মানবিক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও ইতিবাচক সাড়া ফেলেছে।