ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজে বীর মুক্তিযোদ্ধা আজমল ভূইয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজে কলেজের আজীবন দাতা সদস্য ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজমল ভূইয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মরহুম মোহাম্মদ আজমল ভূইয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদান এবং যুদ্ধাহত হওয়ার ত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আজমল ভূইয়া শুধু স্বাধীনতার একজন বীর সেনানীই ছিলেন না, তিনি শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজের আজীবন দাতা সদস্য হিসেবে প্রতিষ্ঠানটির শিক্ষা বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নিঃস্বার্থ অবদান কলেজ পরিবার ও এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীমান্ত লাল পাল, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মো. রহমত আলী মোল্লা, বেলাবো উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার আমিনা, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, সমাজসেবক মো. মিজানুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশারসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে মরহুম মোহাম্মদ আজমল ভূইয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশের স্বাধীনতা ও কল্যাণে অবদান রাখা সকল শহীদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি কামনা করা হয়।