মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, কর্মপরিবেশের উন্নয়ন, দাপ্তরিক সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়।
সভা শেষে জুন ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানার মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুলিশ সদর দপ্তরের অভিন্ন মূল্যায়ন মানদণ্ড অনুযায়ী শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম।
এ ছাড়া শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হন সদর মডেল থানার এসআই ওবায়দুল্লাহ। শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন সদর ট্রাফিক বিভাগের টিএসআই মো. আব্দুল মোতালিব এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হন বড়লেখা থানার এএসআই আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। আলোচিত গণধর্ষণ মামলার রহস্য উদঘাটন এবং তিন আসামিকে গ্রেপ্তারের সফলতার জন্য সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
এ ছাড়া ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সদর মডেল থানার এসআই শিপু কুমার দাস বিশেষ পুরস্কার লাভ করেন। আসামি গ্রেপ্তারে সহায়তার জন্য এএসআই শফিকুল ইসলাম এবং এএসআই সাইদুর রহমানকেও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

