ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ইটভাটায় কোনোভাবেই কাঠ পোড়ানো যাবে না : পরিবেশমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:১২ পিএম
ছবি : সংগৃহীত

ইটভাটায় জ্বালানি হিসেবে কোনোভাবেই কাঠ ব্যবহার করা যাবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের (বিবিএমওএ) নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় ইটভাটা শিল্পের পরিবেশগত প্রভাব, বায়ুমান ব্যবস্থাপনা এবং দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, দেশে এখনো ইটের কার্যকর বিকল্প পুরোপুরি তৈরি হয়নি। তাই ইটভাটা বন্ধ না করে কীভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দূষণ কমানো যায়, সেদিকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিবেশবান্ধব উপায়ে ইট উৎপাদনের উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, ইট তৈরিতে কৃষিজমির ওপরের উর্বর মাটি (টপ সয়েল) ব্যবহার করায় জমির উৎপাদনক্ষমতা নষ্ট হচ্ছে এবং আবাদযোগ্য জমির পরিমাণ ক্রমেই কমে যাচ্ছে। এ সমস্যার টেকসই বিকল্প খুঁজে বের করতে হবে।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি জানান, উচ্চমাত্রার সালফারযুক্ত কয়লা ব্যবহারের ফলে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়। তাই ইটভাটায় ব্যবহৃত কয়লার গুণগত মান নির্ধারণে নীতিমালা প্রণয়ন জরুরি।

বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ফিরোজ হায়দার খান ও মহাসচিব মমিন উল্লাহ খানের নেতৃত্বে দেশের বিভিন্ন জেলার উপদেষ্টা ও সহ-সভাপতিসহ একটি প্রতিনিধি দল সভায় অংশ নেয়।

সভায় টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে ইট উৎপাদন এবং পরিবেশ দূষণ কমানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে অ্যাসোসিয়েশনের নেতারা তাদের বিভিন্ন দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন। সরকারের পক্ষ থেকে যৌক্তিক দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়া হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম সভায় সভাপতিত্ব করেন। এ সময় মন্ত্রণালয়ের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. সাইদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান, অতিরিক্ত মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।