ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে : সংসদে প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৬:০২ পিএম
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের একটি নির্ভুল, গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যাতে প্রকৃত শহীদদের যথাযথ সম্মান নিশ্চিত করা যায়।

বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন। কিন্তু স্বাধীনতার পর যাদের দায়িত্ব ছিল শহীদদের একটি নিরপেক্ষ, সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা, তারা সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেননি। বরং তালিকা প্রণয়নের প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব যুক্ত হয়েছিল। অথচ শহীদদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।

তিনি আরও বলেন, বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধে শহীদদের একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার করেছে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে।

সংসদে অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, চট্টগ্রাম সমুদ্রবন্দরের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বে-টার্মিনাল বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এটি চালু হলে বড় আকারের মাদার ভেসেল সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করতে পারবে, ফলে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে।

চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

এ ছাড়া প্রধানমন্ত্রী জানান, ভবিষ্যতে ‘প্রধানমন্ত্রী গোল্ডকাপ’ টুর্নামেন্ট চালু করা হবে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ভবিষ্যতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ রাখা হবে।