গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১৫ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুলাই হাতিয়া থেকে এফবি মা-২ নামের একটি ফিশিং বোট ১৯ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। গত ১৩ জুলাই বোটটির ইঞ্জিন বিকল হয়ে গেলে এটি গভীর সমুদ্রে ভাসতে থাকে। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় জেলেরা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
দুই দিন পর মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে বুধবার সকাল ১০টার দিকে বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডকে বিষয়টি জানান।
খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ড স্টেশন ভাসানচর এবং ‘অপারেশন সুরক্ষা’-এ নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। পরে চট্টগ্রামের নরম্যান্স পয়েন্টের পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল হওয়া ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। এছাড়া ফিশিং বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, দেশের সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জরুরি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

