চট্টগ্রামের সীতাকুণ্ডে কাজ করার সময় হাতে থাকা বিদ্যুতের তার লোহার রডে জড়িয়ে মো. নাঈম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২ অক্টোবর) বিকেলে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মধ্যেরধারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওই দিন বিকেলে রাজমিস্ত্রির কাজ করার সময় নাঈমের হাতে থাকা লোহার রড অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


