চট্টগ্রামের পাঁচলাইশ থানার হামজারবাগে মো. হাসিব (২৬) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. জাহিদুল ইসলাম। সোমবার দিবাগত রাতে নগরীর চান্দগাঁও থানার মৌলভীপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, সোমবার দুপুরে হামজারবাগের সঙ্গীত আবাসিক এলাকায় হাসিবকে হত্যা করা হয়। নিহত হাসিব একই থানার জাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা। তিনি নগরীর ২ নম্বর গেট এলাকায় একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।
পুলিশ জানায়, জাহেদুল ইসলামের স্ত্রী খায়রুন নাহার ওরফে তানহার সাথে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কে জড়ান হাসিব। পরকীয়া প্রেমের বিষয়টি জানার পর কথা বলার জন্য সঙ্গীত আবাসিক এলাকায় হাসিবকে ফোন করে ডেকে নেন জাহিদুল। কথাকাটাকাটির একপর্যায়ে হাসিবকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন জাহিদুল ইসলাম।
ঘটনার পরে স্থানীয়রা হাসিবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘনার পরপরই আসামি গ্রেপ্তার অভিযান শুরু হয়। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আসামি জাহিদুলকে চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। জাহিদুল হামজারবাগ এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

