ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডিবির অভিযানে ৪০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৯:৫০ এএম
আটক মেহেদী হাসানসহ ডিবির সদস্যরা। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় এক যুবককে গ্রেপ্তার করা হলেও আরেকজন কৌশলে পালিয়ে যায়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল সীতাকুণ্ড মডেল থানাধীন কুমিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়।

অভিযানের সময় জয়নাব আলীর বাড়ির দ্বিতীয় তলায় পলাতক আসামি দেলোয়ার হোসেনের ব্যবহৃত একটি কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

মেহেদী হাসান আবুল খায়েরের ছেলে এবং তাঁর বাড়ি সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকার রোয়ালিয়াকুল গ্রামে। অভিযানের শুরুতেই অপর এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক আসামির দেখানোমতে, বাড়ির দ্বিতীয় তলার একটি শয়নকক্ষে থাকা খাটের ওপর সুকৌশলে লুকানো তিনটি বস্তার ভেতরে থাকা আটটি পোঁটলা থেকে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা বলে জানা গেছে।

এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।