চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার উথলী ফার্মগেটের কাছে রেললাইনের ৬ ইঞ্চি অংশ ভেঙে ছিটকে গেছে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণভাবে ট্রেন চলাচল করলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনটি উথলী ফার্মগেট অতিক্রম করার সময় লাইনের ৬ ইঞ্চি অংশ ভেঙে দূরে ছিটকে পড়ে। ওই সময় দায়িত্বরত গেটম্যান অচিন্ত্য সাহা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হয়েছে। তারা দ্রুতই এসে মেরামত করবে।
খবর পেয়ে মোবারকগঞ্জ প্রকৌশলী বিভাগ থেকে উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি দল দুপুর সাড়ে ১২টার সময় ঘটনাস্থলে এসে রেললাইনের মেরামতকাজ শুরু করেছে।
স্থানীয় গেটম্যান মনিস কুমার শর্মা বলেন, সকাল পৌনে ১০টার সময় খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেন অতিক্রম করার পর রেললাইনের কিছু অংশ ভেঙে দূরে চলে যায়। ট্রেন লাইনের ৬ ইঞ্চি অংশ ভেঙে যাওয়ার বিষয়টি তৎক্ষণাৎ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়।

