চুয়াডাঙ্গায় পাম্পে তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপরাধে দুইজনকে পাঁচ দিনের জেল ও একজনকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ তেল পাম্পে এ ঘটনা ঘটে।
এ সময় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিঙ্গেদাহ গ্রামের জহুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২০) এবং আব্বাস উদ্দিনের ছেলে মারুফ বিল্লাহকে (২০) পাঁচ দিনের জেল প্রদান করা হয়। সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম ইসলামকে (২৯) এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কয়েকজন যুবক সকালে চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এ সময় তারা পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ তাদের আটক করে। ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে পাঁচ দিন করে কারাদণ্ড ও একজনকে জরিমানা করা হয়।
দুপুরে সাজা প্রাপ্তদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।

