ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চলতি বছরে হামের টিকা পাবে ১ লাখ ৩০৫ শিশু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৩:১৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ইপিআই সেন্টারের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ জানান, দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে সুরক্ষার আওতায় আনতে সরকার জাতীয় পর্যায়ে এই টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে।

এ কর্মসূচির আওতায় সম্পূর্ণ বিনামূল্যে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। তিনি বলেন, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত দেশব্যাপী এই ক্যাম্পেইন চলবে।

চুয়াডাঙ্গা জেলায় মোট ৯৮০টি টিকাদান কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পূর্বে টিকা নেওয়া থাকলেও ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে এই ক্যাম্পেইনে অতিরিক্ত এক ডোজ টিকা দেওয়া হবে।

নিয়মিত ইপিআই কর্মসূচিতে ৯ ও ১৫ মাস বয়সে টিকা দেওয়া হলেও এই অতিরিক্ত ডোজ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বৃদ্ধি করবে। তবে দুটি ডোজের মধ্যে কমপক্ষে ২৮ দিনের ব্যবধান রাখতে হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ক্যাম্পেইন সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে সচেতনতামূলক সভা, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা জেলায় এ কর্মসূচির আওতায় মোট ১ লাখ ৩০৫ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় ৪টি উপজেলা ও ৪টি পৌরসভা এই কর্মসূচির অন্তর্ভুক্ত। টিকাদান কেন্দ্রের মধ্যে রয়েছে ৯৭২টি স্থায়ী ইপিআই কেন্দ্র এবং ৮টি অতিরিক্ত কেন্দ্র মোট ৯৮০টি।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, এই ক্যাম্পেইন সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন। অপপ্রচার রোধ করে সচেতনতা বাড়াতে হবে, তাহলেই আমরা হাম-রুবেলা মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারব।

তিনি এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।