চুয়াডাঙ্গা- জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৪ জুন) সকালে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর বিওপি ক্যাম্পে কর্মরত সদস্যরা সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর সীমান্ত পিলারের প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার একটি সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে স্বর্ণ পাচারের সময় সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের কাসেদ আলীর ছেলে সীমান্ত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিকান্দার আলীকে (৫০) আটক করা হয়।
মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম স্বর্ণসহ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন