ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘নির্বাচন কমিশনকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে’

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ১০:৩০ পিএম
সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণমানুষের প্রত্যাশা হলো, শহীদের রক্তের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়ে একটি সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হবে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে নির্বাচনি মাঠে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ঘোষিত তপশিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতে একদিনের সফরে কক্সবাজারে আসেন।

শুক্রবার দুপুর সোয়া ১টায় তিনি ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান। পরে শহরের নুনিয়ারছড়ার একটি স্থানীয় মসজিদে দলীয় নেতাকর্মীদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন। এরপর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা দৈনিক আমার দেশের কক্সবাজার স্টাফ রিপোর্টার আনসার হোসেনের ছেলে রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে মরহুমের বাসায় গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

মধ্যাহ্নভোজ শেষে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেন।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই করা হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে সালাহউদ্দিন আহমদ পেকুয়ার নিজ বাসভবনের উদ্দেশে রওনা দেন।