ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কক্সবাজারে এমপির গাড়িবহরের চাপায় শিশু নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৯:০৬ পিএম
সংসদ সদস্য আলমগীরের গাড়িবহরের চাপায় শিশু নিহত। ছবি : সংগৃহীত

কক্সবাজার-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের বহরের একটি গাড়ির চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা বহরের কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মো. খালিদ বিন ওয়ালিদ (৮) বদরখালী ইউনিয়নের তেচ্ছিপাড়ার বাসিন্দা আমানুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাতে চকরিয়া থানার ওসি মনির হোসেন জানান, বিকেলে কুতুবদিয়া থেকে চকরিয়ার মগনামা ঘাট হয়ে মহেশখালীর দিকে যাওয়ার পথে সংসদ সদস্যের গাড়িবহরটি বদরখালীর আহমদ কবিরের ঘাট এলাকা অতিক্রম করছিল। এ সময় বহরের ৩ নম্বর গাড়িটি শিশুটিকে চাপা দেয়। 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ক্ষুব্ধ জনতা বহরের কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। তবে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের স্থানীয়রা নিরাপদ স্থানে সরিয়ে নেয় বলে জানান ওসি।

তিনি আরও জানান, নিহত শিশুর মরদেহ বর্তমানে বদরখালী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।