পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে কক্সবাজার শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বড়বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও র্যাব।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের বাজারঘাটা ও বড়বাজার এলাকায় বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এ অভিযান অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েমের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিএসটিআই অনুমোদনবিহীন টেস্টিং সল্ট বিক্রির দায়ে একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ব্যবসায়িক নথিপত্রে সামান্য ত্রুটি থাকার কারণে আরও কয়েকটি দোকানের মালিককে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাজারের ৫–৬টি গুরুত্বপূর্ণ দোকান পরিদর্শন করেন। এই সময় ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রশিদ (কাঁচা ও পাকা ভাউচার) যাচাই করা হয়। পাশাপাশি দোকানে টাঙানো মূল্যতালিকার সঙ্গে বিক্রয়মূল্যের সামঞ্জস্য রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভেজাল ও মানহীন পণ্য প্রতিরোধ এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে র্যাবের পাশাপাশি নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার অধিদপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



