ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জুলাই যোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা, নারী সমন্বয়ক পুলিশ হেফাজতে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ১০:০৪ এএম
ছুরিকাঘাতে নিহত খোরশেদ আলম। ছবি : সংগৃহীত

কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খোরশেদ আলম (২৭) নামে জুলাই যোদ্ধা নিহত হয়েছেন। তিনি ছাত্রদলের রাজনীতিও করতেন। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খোরশেদের সঙ্গে ঘটনাস্থলে থাকা তারিন (২২) নামে এক নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। তিনিও জুলাই আন্দোলনে সমন্বয়ক হিসেবে ছিলেন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১১টার দিকে শহরের কবিতা চত্বর সংলগ্ন জনমানবহীন নির্জন সৈকতে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম শহরের ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা শাহ্ আলমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে কবিতা চত্বর এলাকায় অবস্থান করছিলেন খোরশেদ আলম। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে খোরশেদকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে কয়েকজন বন্ধু তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, খোরশেদের পেট ও পায়ে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খোরশেদের বন্ধু শাহজাহান জানান, ‘আমাকে হঠাৎ খোরশেদের নম্বর থেকে ফোন দিয়ে তারিন জানায়, খোরশেদকে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।’

ঘটনাস্থল থেকে একটি কাঁচি এবং নারী-পুরুষের ব্যবহৃত স্যান্ডেল উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন বলেন, প্রত্যক্ষদর্শী ও নিহতের ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো বলা যাচ্ছে না কি কারণে এ ঘটনা ঘটেছে। তার সঙ্গে থাকা এক নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।