ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টেকনাফে ডাকাতির সময় তরুণকে কুপিয়ে হত্যা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৩:৫০ পিএম
ছবি- সংগৃহীত

ঘরে থাকা সামান্য কিছু শুঁটকি আর কষ্টার্জিত টাকা ডাকাতদের হাত থেকে রক্ষা করতে গিয়ে নির্মমভাবে খুন হয়েছেন ফয়াজ শাহ নামে ১৮ বছর বয়সি এক তরুণ। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের টেকনাফে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে টেকনাফের ধুমপ্রাংবিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফয়াজ শাহ ও তার বড় ভাই গুরাইয়া অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। গুরাইয়া টেকনাফ বাজারে শুঁটকি বিক্রি করে কোনোমতে সংসার চালান। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরেও গুরাইয়া যখন বাজারে শুঁটকি বিক্রি করতে ব্যস্ত ছিলেন তখন বাড়িতে ফয়াজ শাহ একাই ছিলেন।

​দুপুর ২টার দিকে একদল সশস্ত্র ডাকাত তাদের বাড়িতে হানা দেয়। ডাকাতরা ঘরে থাকা শুঁটকি ও গচ্ছিত টাকা ছিনিয়ে নিতে চাইলে ফয়াজ শাহ তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাত দল প্রথমে তাকে জবাই করে এবং পরবর্তীতে কুড়াল দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন‍্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে এবং তদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।